চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের একটি চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আসন্ন রমজান উপলক্ষে আমদানি করা এক লাখ মেট্রিক টন চিনি পুড়ে গেছে। সোমবার (৪ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে বিকেল ৩টা ৫৩ মিনিটে স্থানীয় পাঁচটি ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে কোস্টগার্ড ও নৌবাহিনীরও একাধিক ইউনিট যোগ দেয়।
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক গণমাধ্যমকে বলেন, রমজানকে সামনে রেখে ব্রাজিল থেকে আমদানি করে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। আগুনের অবস্থা দেখে মনে হচ্ছে, আর কোনো চিনিই বাকি নেই। ফলে এবার আমাদের পক্ষে আর বাজারে চিনি দেওয়া সম্ভব হবে না।
তিনি আরও বলেন, মিল চালু থাকা অবস্থাতেই আগুন লেগেছে। কিভাবে আগুনের সূত্রপাত বা কেউ কারখানার ভেতরে আটকা পড়েছেন কি না, কিছুই আমরা জানতে পারিনি। এখন আগুন যাতে মূল কারখানায় ছড়িয়ে না পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।
এস আলম গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল বলেন, এ কারখানাটিতে আমদানি করা চিনি পরিশোধন করা হয়। বিকেলে আগুন লাগার সময় সেখানে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল। আশঙ্কা হচ্ছে, সব চিনিই পুড়ে গেছে।
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, এ কারখানায় ছয়টি গোডাউন আছে, এর মধ্যে একটিতে আগুন লেগেছে। আমরা চেষ্টা করছি, আগুন যাতে অন্যগুলোতে ছড়িয়ে না যায়।। আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।
গত শুক্রবার নগরীর বাকলিয়া এক্সেস রোডে এস আলম গ্রুপের একটি নির্মাণাধীন হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।