ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। গতকাল শুক্রবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খবর সিএনএন।
জনজীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখার দুই মাস পর ক্যান্সারের খবরটি জানালেন কেট। বেশ কিছুদিন ধরে ব্রিটিশ গণমাধ্যমগুলোয় প্রিন্সেস অব ওয়েলসের চিকিৎসা নেয়ার বিভিন্ন ধরনের খবর প্রকাশ হয়ে আসছিল।
৪২ বছর বয়সী ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন এক ভিডিও বার্তায় জানান, জানুয়ারিতে পেটের একটি অস্ত্রোপচারের সময়ও ক্যান্সারের বিষয়টি ধরা পড়েনি। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার পর রোগটি ধরে পড়ে। এরপর মেডিকেল টিম কেটকে কেমো থেরাপি নেয়ার পরামর্শ দেয়।
বর্তমানে ক্যান্সারের প্রাথমিক ধাপে আছেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন কেট মিডলটন।
তবে জটিল রোগ ধরা পড়লেও মানসিকভাবে শক্ত আছেন বলে জানিয়েছেন ব্রিটিশ রাজবধূ।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার এক মাসের মাথায় কেটের খবরটি সামনে এল।
রাজপরিবারের সদস্যদের মধ্যে কেট মিডলটন সবচেয়ে বেশি সাধারণ মানুষদের সঙ্গে মিশে যেতে পারেন। এ কারণে তার প্রতি সবসময়ই বাড়তি আগ্রহ থাকে সবার।
কেটের বার্তার পর ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীরা তাকে শুভ কামনা জানিয়েছেন।