• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বড় পদক্ষেপ, নির্বাচনের ট্রেন থামবে না: ড. ইউনূস

গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বড় পদক্ষেপ, নির্বাচনের ট্রেন থামবে না: ড. ইউনূস

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ১৭ নভেম্বর ২০২৪

গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসনে ৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে প্রস্তাব পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার জাতির উদ্দেশে ভাষণে জানান, জুলাই-আগস্টের বিপ্লবে শহীদ পরিবারগুলোর জন্য ৩০ লাখ টাকা পুনর্বাসন তহবিল এবং আহতদের উন্নত চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।  


তিনি বলেন, “নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, এটি থামবে না। তবে প্রয়োজন হলে সংস্কারের জন্য নির্বাচনের তারিখ সামান্য পেছানো হতে পারে।”  


গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে ১০০ কোটি টাকা বাজেটে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ কার্যক্রম শুরু হয়েছে। আহতদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় কর্নিয়া প্রতিস্থাপন এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।  


ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরের গুম, খুন এবং অর্থ পাচারের বিচারে আন্তর্জাতিক আদালতের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান ড. ইউনূস। তিনি আরও বলেন, “গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে কঠোর আইন কার্যকর করা হবে।” 


অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার ডিম আমদানি, চালের শুল্ক ছাড়সহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে।  


ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি নির্বাচনব্যবস্থা তৈরি করতে চাই, যা ভবিষ্যৎ সংকট দূর করবে। দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”  


দেশে অস্থিতিশীলতার ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঐক্যই আমাদের সফলতার চাবিকাঠি। পতিত শক্তির ষড়যন্ত্র রুখে আমরা এগিয়ে যাব।”