• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশে গ্রেপ্তারকৃত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি।

তাকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধ এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল সোমবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। যদি মুক্তি না দেওয়া হয়, তবে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করব এবং সীমান্তে সনাতনী জনগোষ্ঠীর মাধ্যমে অবরোধ সৃষ্টি করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর দমন-পীড়ন চলছে। এ অবস্থা আর বরদাস্ত করা হবে না।”

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়। ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি।

এ মামলায় ইতোমধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলায় অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন—ইসকনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর (চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী), হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রহ্মচারী, প্রকৌশলী অমিত ধর, ডা. কথক দাসসহ আরও কয়েকজন।

ইসকনের অবস্থান

চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও সম্মিলিত সংখ্যালঘু জোট সম্প্রতি একত্রিত হয়ে কর্মসূচি শুরু করে। চিন্ময় কৃষ্ণ দাস ছিলেন এই জোটের মুখপাত্র।