• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • পরিবারের জিম্মায় মুন্নী সাহা

পরিবারের জিম্মায় মুন্নী সাহা

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক মুন্নী সাহাকে অসুস্থতার কারণে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "অসুস্থতার কারণে আইনি প্রক্রিয়ায় মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।"

এর আগে শনিবার রাত ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে জনতা মুন্নী সাহাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। পরে তাকে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, "জনতা ওই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।"

মুন্নী সাহা টেলিভিশন সাংবাদিক এবং টকশো সঞ্চালক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে আজকের কাগজ, ভোরের কাগজ, একুশে টেলিভিশন, এটিএন বাংলা এবং সর্বশেষ এটিএন নিউজে কাজ করেছেন। ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন এবং পরে 'এক টাকার খবর' নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন।

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় মুন্নী সাহা আসামি।