• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • পর্তুগিজ যুবরাজের জোড়া গোলে জিতল আল নাসের

পর্তুগিজ যুবরাজের জোড়া গোলে জিতল আল নাসের

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩

সৌদি আরব প্রো লিগে নিজেদের সবশেষ ম্যাচে আল নাসেরের প্রতিপক্ষ ছিল আল আহলি। যে দলে আছেন রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ, গ্যাব্রি ভেইগা, সেন্ট ম্যাক্সিমিন, ফ্রাঙ্ক কেসি, এডোয়ার্ডো মেন্ডিদের মতো নামকরা সব মুখ। সেই তুলনায় শক্তির বিচারে বেশ পিছিয়ে আল নাসের।


আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানে ছাড়া আর তেমন কোনো বড় মাপের ফুটবলার নেই। এরপরও রিয়াদের প্রতিনিধিদের বিপক্ষে ধাক্কা খেয়েছে আল আহলি। তুলনামূলক কম শক্তি নিয়ে মাথিয়াস জেইসলের শিষ্যদের বিপক্ষে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে আল নাসের।


নিজেদের মাঠ আল আউয়াল পার্কে আল নাসেরের এই জয়ের নায়ক রোনালদো। দুইবার জালে বল জড়িয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। স্বাগতিকদের হয়ে বাকি গোল দুটি করেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার তালিস্কা। আল আহলির হয়ে একটি করে গোল করেন কেসি, মাহরেজ ও ফেরাস আলব্রিকান।


এ নিয়ে সৌদি আরব প্রো লিগের চলমান আসরে নয় গোল করলেন রোনালদো। চোটের কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচের একাদশে থাকলেও নিশানাভেদ করতে পারেননি। আল নাসেরে তৃতীয় লিগ ম্যাচে নেমেই করেন অসাধারণ এক হ্যাটট্রিক। এরপর থেকেই টানা জালের দেখা পেয়ে আসছেন পর্তুগিজ যুবরাজ।


নিজের এমন দুর্দান্ত ফর্মে বেশ উচ্ছ্বসিত রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এবারের লিগে আরও দুটি গোল করলাম। এজন্য আমি অনেক আনন্দিত। দলের জয়ে গুরুত্বপূল্ণ অবদান রাখতে পেরেছি বলে আমি আরও বেশি খুশি। আমাদের সসমর্থকেরা আজ অনেক উৎসাহ দেখিয়েছে। তাদের সমর্থন দারুণ ছিল।’