• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • বন্ড ইস্যুর সম্মতি পেল প্যারামাউন্ট টেক্সটাইল

বন্ড ইস্যুর সম্মতি পেল প্যারামাউন্ট টেক্সটাইল

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৪

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসিকে ২৫০ কোটি টাকার বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২২ ফেব্রুয়ারি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০১তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়।


বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৫০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ডটি অরূপান্তরযোগ্য, হস্তান্তরযোগ্য ও পুরোপুরি অবসায়নযোগ্য। এটি আনসিকিউরড জিরো কুপন বন্ড, যার ডিসকাউন্ট রেট ৯-১২ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্যারামাউন্ট টেক্সটাইল আর্থিক খরচ কমিয়ে ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। 


২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৭১ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২। এর মধ্যে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১০ দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪ দশমিক ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৪ দশমিক ১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।