• মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • বিতর্কিত এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বাড়ছেই

বিতর্কিত এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বাড়ছেই

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ প্রতিষ্ঠানের দর গত সপ্তাহে কমেছে। এতে বাজার মূলধন ৪৯ হাজার কোটি টাকা কমে গেছে। এমন পতনের বাজারেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে কিছু প্রতিষ্ঠান। এরমধ্যে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে নতুন তালিকাভুক্ত বিতর্কিত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।


শুধু গত সপ্তাহ নয়, শেয়ারবাজারে লেনদেন শুরুর পর থেকে প্রতিদিনই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এ বিমা কোম্পানিটি। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, একদিনে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে। গত ৬ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর এখনো পর্যন্ত প্রতিটি কার্যদিবসেই দিনের সর্বোচ্চ দামে কোম্পানিটির শেয়ারের বিপুল ক্রয়াদেশ এসেছে। অন্যদিকে প্রতিদিনই শূন্য পড়ে থেকেছে বিক্রয় আদেশের ঘর।


এভাবে দাম বাড়ায় অর্ধ মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯৪ শতাংশ। এতে ২০ টাকা (১০ টাকা প্রিমিয়ামসহ) দামের প্রতিটি শেয়ারের দাম ৩৮ টাকা ৮০ পয়সায় উঠে গেছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির মাত্র ৮৬টি করে শেয়ার পেয়েছেন।


গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করায় এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬০ দশমিক ৩৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৪ টাকা ২০ পয়সা।


শেয়ারের দাম বাড়ার পরও বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মাত্র ২৭ লাখ ৭০ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা।


গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৩ দশমিক ৩৩ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে এস এস স্টিল। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৫ দশমিক ৫৮ শতাংশ।


এশিয়াটিক ল্যাবটরিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সম্পদমূল্য বেশি ও অতিরঞ্জিত মুনাফা দেখিয়ে আইপিও অনুমোদন নেওয়ার। আর সম্পত্তি নিয়ে বিতর্কের কারণে বিএসইসি এ প্রতিষ্ঠানটির আইপিও আবেদনও স্থগিত করেছিল।