• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • ভোরে গ্রেপ্তার আইভী, রাতভর নারায়ণগঞ্জে উত্তেজনা

ভোরে গ্রেপ্তার আইভী, রাতভর নারায়ণগঞ্জে উত্তেজনা

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৯ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে শহরের দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল চুনকা কুটিরে প্রবেশ করলে মুহূর্তেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইভীর গ্রেপ্তারের খবরে তার শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন।

গ্রেপ্তার ঠেকাতে সমর্থকরা চারদিকের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যান ও বালু ফেলে অবরোধ করে। আশপাশের মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে জড়ো হওয়ার ডাক দেওয়া হয়।

পুলিশের অতিরিক্ত ফোর্স রাতভর এলাকাটি ঘিরে রাখে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আইভীর বাড়ির ভেতরে অবস্থান নেন।

এক পর্যায়ে আইভী বলেন, “আমি দিনের বেলা ছাড়া যাব না। আমাকে নিতে হলে দিনের বেলাই নিতে হবে।”

তবে শেষ পর্যন্ত ভোরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের আগে দেওয়া এক বক্তব্যে দৃপ্ত কণ্ঠে আইভী বলেন, “আমি জেল থেকে হলেও নির্বাচন করব। আমি কাউকে ভয় পাই না। আমি চুনকার মেয়ে।”

আইভীর গ্রেপ্তারে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।