• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • মহাকাশে একসঙ্গেই পাড়ি রাশিয়া-যুক্তরাষ্ট্রের

মহাকাশে একসঙ্গেই পাড়ি রাশিয়া-যুক্তরাষ্ট্রের

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২৪

ইউক্রেনযুদ্ধের কারণে মর্ত্যের পৃথিবীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈরিতা থাকলে মহাকাশে সেটি নেই। দেশ দুটি মহাকাশে পাড়ি জমাচ্ছে মিলেমিশেই। এরইমধ্যে আজ সোমবার (৪ মার্চ) তিন মার্কিন ও একজন রুশ মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা করেছেন এক রকেটে। তারা গবেষণাও করবেন একসঙ্গেই। খবর বিবিসির।


যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চার মহাকাশচারীকে বহনকারী একটি স্পেসএক্স রকেট সোমবার ফ্লোরিডা থেকে আইএসএসের উদ্দেশ্যে যাত্রা করেছে। ক্যাপসুলে রয়েছেন তিনজন পুরুষ ও একজন নারী।


ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সোমবার (০৩.৫৩  জিএমটি) যাত্রা শুরু করেন চার মহাকাশচারী। এর আগে শনিবার প্রবল বাতাসের কারণে প্রথম উৎক্ষেপণ প্রচেষ্টা বাতিল করা হয়।


রুশ-মার্কিন চলমান এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নভোচারী ম্যাথিউ ডমিনিক। তার সঙ্গে রয়েছেন মার্কিন নারী নভোচারী জিনেট এপস ও মাইকেল ব্যারাট এবং রাশিয়ান নভোচারী আলেকজান্ডার গ্রেবেনকিন।


গ্রেবেনকিনের জন্য এবার প্রথম মহাকাশযাত্রা। তবে তৃতীয়বারের মতো আইএসএসে যাচ্ছেন মার্কিন চিকিৎসক মাইকেল ব্যারাট।


মহাকাশচারী দলটি আগামী ছয় মাস আইএসএসে থাকবেন। এই মিশনে তারা বিভিন্ন বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা করেছেন।


তাদের গবেষণার অন্যতম বিষয় হচ্ছে, মানব অঙ্গপ্রত্যঙ্গের এমন কৃত্রিম রেপ্লিকা তৈরি করা, যা নিম্ন-মাধ্যাকর্ষণ পরিবেশে অবক্ষয়জনিত রোগের পরীক্ষানিরীক্ষায় ব্যবহৃত হবে এবং এই গবেষণা পৃথিবীতে সম্ভব নয়।


আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার একটি বিরল জায়গা এবং কানাডা, ইউরোপ, জাপান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ সংস্থাগুলো আইএসএসের রক্ষণাবেক্ষণে নিযুক্ত।


ইউক্রেনে যুদ্ধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুত যে কয়টি জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মহাকাশ।