স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক তপন চৌধুরী কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই পাবলিক ও ব্লক মার্কেটে এ শেয়ার কিনবেন তিনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৫ সালে শেয়ারবাজারে আসা এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১০ হাজার ৪২৯ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর মধ্যে ৩৫ দশমিক শূন্য ১ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৫ দশমিক ২১, বিদেশী ১৩ দশমিক ৭১ ও বাকি ৩৬ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত আয় বেড়েছে প্রায় ১৫ শতাংশ। একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফাও বেড়েছে। প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৪ হাজার ৩০৫ কোটি ৩৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৫৫২ কোটি ৫৩ লাখ টাকা বা ১৪ দশমিক ৭২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬২ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৬১ কোটি ৯৫ লাখ টাকা বা ৫ দশমিক ৮২ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৯৯ পয়সা।