• রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • আজ ও কাল ব্যাংক খোলা! কয়টা পর্যন্ত চলবে লেনদেন, এরপর টানা ৭ দিনের ছুটি

আজ ও কাল ব্যাংক খোলা! কয়টা পর্যন্ত চলবে লেনদেন, এরপর টানা ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক গ্রাহকদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে এবং লেনদেনও চলবে নির্ধারিত নিয়মিত সময়সূচি অনুযায়ী।


সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা এই দুই দিন স্বাভাবিক সময়ে কার্যক্রম পরিচালনা করবে।


তবে এর পরদিন সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদের আগে ব্যাংকিং লেনদেন সেরে নিতে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


অন্যদিকে, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখা হবে।


ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক কার্যক্রম চলবে। এ দুই দিনে অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।


এ সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নতুন সময়সূচিতে পরিচালিত হবে। তবে বিইএফটিএনের তিনটি সেশন আগের নিয়মেই চলবে।


এ ছাড়া তাৎক্ষণিক আন্তঃব্যাংক লেনদেনের জন্য আরটিজিএস ব্যবহারকারীরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ফান্ড ট্রান্সফার ও রিটার্ন সুবিধা পাবেন।


চেক ক্লিয়ারিংয়েও নির্ধারণ করা হয়েছে বিশেষ সময়সূচি। হাই ভ্যালু চেক সকাল সাড়ে ১১টার মধ্যে জমা দিতে হবে এবং তা নিষ্পত্তি হবে দুপুর সাড়ে ১২টার মধ্যে। আর সাধারণ চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে, যা নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।


এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা চালুর আগের নির্দেশনাও বহাল থাকবে। এছাড়া ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদের দিন ছাড়া ছুটির মধ্যেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে হবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাও পাবেন।