পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের উৎপাদন কার্যক্রম ২২ জুন ফের চালু হয়েছে। গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরেছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৯ জুন ডিএসইর ওয়েবসাইটে উৎপাদন বন্ধের কথা জানায় প্যাসিফিক ডেনিমস। এতে বলা হয়েছিল, কোনো নোটিস ছাড়াই কোম্পানিটির গ্যাস লাইন কেটে ফেলায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছিল। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৪ টাকা ৬৪ পয়সা।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৮৩ কোটি ৫৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৫ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১৪৩। এর মধ্যে ৩০ দশমিক ১২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬০ দশমিক ৪৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৯০ থেকে ১৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।