• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাহিদার তুঙ্গে গ্রামীণফোনের শেয়ার

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের গত সাত কার্যদিবসে মোট ৫২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ১৪ হাজার ৬১০ কোটি টাকা। সাত কার্যদিবসেই চাহিদার তুঙ্গে ছিল এই শেয়ার। 


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার তথ্য পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


জানা যায়, ডিএসইতে গ্রামীণফোনের ৬ আগস্ট ৭ কোটি ৫৯ লাখ, ৭ আগস্ট ৬ কোটি ৫৫ লাখ, ৮ আগস্ট ৯ কোটি ৪৯ লাখ, ১১ আগস্ট ১৩৮ কোটি ৬৮ লাখ, ১২ আগস্ট ১১৩ কোটি ১৩ লাখ, ১৪ আগস্ট ১৫৯ কোটি ১৬ লাখ ও গতকাল ৮৫ কোটি ৫৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। 


১৩ আগস্ট লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। এছাড়া গ্রামীণফোনের বাজার মূলধনও এ সময় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৬ আগস্ট কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩৬ হাজার ২৯৬ কোটি টাকা, সবশেষ গতকাল যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯০৬ কোটি টাকায়। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ১৪ হাজার ৬১০ কোটি টাকা বা ৪০ দশমিক ২৫ শতাংশ।


জানা যায়, গ্রামীণফোনের পর্ষদ চলতি ২০২৪ হিসাব বছরে ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ অনুমোদন করেছে। আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৬২ পয়সা।


এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই প্রান্তিকে ছিল ৮ টাকা ৮৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ টাকা ৩৪ পয়সা।


২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ২৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ২২ পয়সা।


গ্রামীণফোনের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।


২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৫১০ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতেই রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৬ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক শূন্য ৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ২ দশমিক ৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


ডিএসইতে গতকাল গ্রামীণফোনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৭৭ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ২২১-৩৮৭ টাকার মধ্যে ওঠানামা করেছে।