দেশের শেয়ারবাজার টানা নিম্নমুখী থাকলেও তিন প্রতিষ্ঠানের শেয়ারে রেকর্ড লেনদেন হয়েছে। বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টেকনো ড্রাগস, বিকন ফার্মা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ে শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শীর্ষে ছিল টেকনো ড্রাগস। কোম্পানিটির ৫৭ লাখ ৩৪ হাজারের বেশি শেয়ার হাতবদল হয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ৮৯ লাখ টাকা। একই সঙ্গে শেয়ারের দর বেড়ে ১.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩৬ টাকা ৬০ পয়সায়।
বিকন ফার্মাতেও দিনটিতে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় ১৩ লাখ ৯২ হাজার শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ১৭ কোটি টাকার বেশি। শেয়ারের দর ৩.১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৩ টাকা ২০ পয়সায়।
অন্যদিকে, আলিফ ইন্ডাস্ট্রিজে লেনদেন হয়েছে প্রায় ২৮ লাখ ৮৬ হাজার শেয়ার, যার মূল্য ১৫ কোটি টাকার বেশি। যদিও মঙ্গলবার প্রতিষ্ঠানটির সর্বোচ্চ লেনদেন হয়েছিল, তবে বুধবারও দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে। দিনশেষে শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫১ টাকা ৯০ পয়সায়।
বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক বাজার যখন মন্দায়, তখন এই তিন প্রতিষ্ঠানের শেয়ারে রেকর্ড লেনদেন ও দরবৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে। তিনটি কোম্পানিই ‘এ’ ক্যাটাগরির শেয়ার এবং সামনে ডিভিডেন্ড ঘোষণা রয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, ডিভিডেন্ড ঘোষণাকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়তে পারে।