• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • তিন খাতে ইতিবাচক রিটার্ন, ব্যাংকের শেয়ারে বেশি ঝোঁক

তিন খাতে ইতিবাচক রিটার্ন, ব্যাংকের শেয়ারে বেশি ঝোঁক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ সাত কার্যদিবসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মোট ১ হাজার ৯৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে প্রায় প্রতিদিন খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল ব্যাংক খাত।


ডিএসইর দৈনিক বাজার প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। 


জানা যায়, সর্বশেষ গতকাল ব্যাংক খাতে মোট ৩৭২ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৪৬ কোটি টাকা। আগের পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে এ খাতে লেনদেন হয়েছিল যথাক্রমে ২৭৪ কোটি, ৪৯২ কোটি, ৩০৭ কোটি, ১১০ কোটি ও ১৯০ কোটি টাকা।


বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ১ হাজার ২৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৫ কোটি টাকা। আগের পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছিল যথাক্রমে ১ হাজার ১৪৩ কোটি, ২ হাজার ১০ কোটি, ১ হাজার ৬০৬ কোটি, ৭৭৬ কোটি ও ৭৫০ কোটি টাকা। 


বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণে টানা দুদিন দর সংশোধনের পর গতকাল বৃহস্পতিবার আবারো ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজার। দর সংশোধনের আগে টানা চার কার্যদিবস পুঁজিবাজারে উত্থান ছিল। গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৫৩ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৮৬৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৫৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ আগের দিনের তুলনায় ৬৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্ট দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩৪ পয়েন্টে।


গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), ইউসিবি ও রেনাটার শেয়ারের।


খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৯ দশমিক ৯ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ১ শতাংশ লেনদেন ছিল টেলিযোগাযোগ খাত। আর ১৪ দশমিক ৮ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৭ দশমিক ২ ও বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ৫ দশমিক ৭ শতাংশ।


গতকাল ডিএসইতে টেলিযোগাযোগ, খাদ্য ও আনুষঙ্গিক, আর্থিক প্রতিষ্ঠান ও সিমেন্ট খাতে ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে পাট, কাগজ, বস্ত্র ও সিরামিক খাতে এসেছে নেতিবাচক রিটার্ন। 


দেশের আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৯২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ২৪৩ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৩৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৭ হাজার ৯ পয়েন্টে। গতকাল সিএসইতে ১৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৫ কোটি টাকা।