• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • দুই বছর লভ্যাংশ না দিলেই জেড ক্যাটাগরিতে যাবে কোম্পানি

দুই বছর লভ্যাংশ না দিলেই জেড ক্যাটাগরিতে যাবে কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ বা কোম্পানি ঘোষিত লভ্যাংশের ৮০ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ বা বিতরণে ব্যর্থ হলে সেটি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে।


 গতকাল বিএসইসি এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে। নতুন এ আদেশ আগামী ২ জুলাই থেকে কার্যকর হবে। 


আদেশে কোনো তালিকাভুক্ত কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ক্ষেত্রে বেশকিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সর্বশেষ ঘোষিত লভ্যাংশের পর থেকে কিংবা তালিকাভুক্তির পর থেকে টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হবে। আইন অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে ব্যর্থ হলে সেক্ষেত্রেও ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। তবে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার কারণে এজিএম আয়োজন করতে না পারলে সেক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হবে।


কোনো কোম্পানির উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম ন্যূনতম ছয় মাসের জন্য বন্ধ থাকলে সেক্ষেত্রে সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। তবে যদি পুনঃসংস্কার কিংবা বিএমআরই কিংবা দৈব দুর্ঘটনাজনিত কারণে উৎপাদন বন্ধ থাকলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। যদি তালিকাভুক্ত কোম্পানি অডিট রিপোর্টের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (স্টক বা বোনাস ব্যতীত) ঘোষণা করে এবং বিতরণ করে তাহলে স্টক এক্সচেঞ্জের বিধি অনুসারে এ লভ্যাংশকে কোম্পানির শ্রেণীকরণ সমন্বয় বা স্থানান্তরের জন্য বিবেচনা করা হবে।


নতুন এ আদেশের মাধ্যমে এর আগে ২০০৮ সালের ১৫ জানুয়ারি, ২০২০ সালের ১ সেপ্টেম্বর, ২০২৩ সালের ৩০ নভেম্বর ও চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বিএসইসির জারি করা আদেশ প্রযোজ্য ক্ষেত্রে রদ কিংবা প্রাধান্য দেয়া হবে।