লাভেলোর অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ
পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএসইসির উপ-পরিচালক নান্নু ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে, যা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করা হচ্ছে।
এ পরিস্থিতিতে, ডিএসইকে লাভেলো আইসক্রিম পিএলসির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেওয়া হলো। উল্লেখিত কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ এই ধরনের অস্বাভাবিক গতিবিধির পেছনে কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং, এবং অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করার নির্দেশ দেওয়া হলো। এই চিঠি জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির সার্ভিল্যান্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তকালে কোম্পানিটি সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর আচরণবিধি ৬ ও ৮ এবং বিধি ১১ লঙ্ঘন করলে তা অবিলম্বে সংশ্লিষ্ট এআর/কমপ্লায়েন্স অফিসার/সিইওকে অবগত করতে হবে।
ঋণসুবিধা পেতে উপদেষ্টা-গভর্নরকে চিঠি দিল বেক্সিমকো
রপ্তানিসংশ্লিষ্ট ঋণসুবিধা ফের চালুর আবেদন জানিয়ে চার উপদেষ্টা ও গভর্নরকে চিঠি দিয়েছে ব্যবসায়ী গোষ্ঠী বেক্সিমকো। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী।
জানা যায়, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে এই চিঠি দিয়েছে বেক্সিমকোর টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ।
১৯ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বেক্সিমকো জানিয়েছে, রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিপাকে পড়েছে, কারণ তাদের হাতে প্রয়োজনীয় পরিমাণ চলতি পুঁজি নেই। ফলে ব্যবসা হারানোর উপক্রম হয়েছে গোষ্ঠীটির। সে কারণে রপ্তানিসংশ্লিষ্ট ঋণসুবিধা ফের চালুর আবেদন করেছে প্রতিষ্ঠানটির টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ।
প্রতিষ্ঠানটি বলেছে, রপ্তানিমুখী উৎপাদন শুরু করতে না পারলে তারা ব্যবসা হারাবে। ফলে কর্মী ছাঁটাই করার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
চিঠিতে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেক্সিমকো গোষ্ঠীর রপ্তানিমুখী পোশাক কারখানা লুটপাট করা এবং আগুন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো চলতি পুঁজি বেক্সিমকোর হাতে নেই। ফলে অনেক ক্রেতা বেক্সিমকো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বেক্সিমকো গোষ্ঠী সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত বিক্রয় ও নগদ প্রবাহের হিসাব করে বেক্সিমকো দেখেছে, ব্যয় নির্বাহ করার মতো নগদ অর্থ তাদের হাতে নেই।
ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. মাহবুবুল আলম ১ কোটি ৪৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন।
এই উদ্যোক্তা পরিচালক তার কন্যা নিশাত তাসনিম সুচির কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার, পুত্র সাদমান সাকিব দীপ্রর কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার এবং দীপ্রর স্ত্রী জাকিয়া সুলতানার কাছে ২৩ লাখ ৮০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করবেন। যা গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকরর হবে।
সোনালী আঁশের শেয়ার দর বাড়ার ধরন নিয়ে ধরন নিয়ে সন্দেহ!
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
গত ০৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪৪ টাকা ৩০ পয়সা। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৩৩ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮৯ টাকা ১০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ন্যাশনাল লাইফের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
শেয়ার কিনবেন ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের এক পরিচালক পৌনে ৮ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।
কোম্পানিটির পরিচালক শাহানা হানিফ কোম্পানির ৭ লাখ ৮৬ হাজার ৭২৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার কেনা সম্পন্ন করবেন এই পরিচালক।
লোকসানে সমতা লেদার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ০৪ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ২২ পয়সা। গত বছরের একই সময়ে ০৫ পয়সা লোকসান হয়েছিল।
৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ১১ পয়সা।
সিভিও পেট্রোক্যামিকেলের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি পিএলসি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪৬ পয়সা।
৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৩১ পয়সা। যা আগের বছর ছিল ৮ টাকা ২৭ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৪২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।