• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • পুঁজিবাজারে ধস: বিনিয়োগকারীদের মহাসমাবেশ সোমবার

পুঁজিবাজারে ধস: বিনিয়োগকারীদের মহাসমাবেশ সোমবার

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে প্রতিবাদ মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। বিনিয়োগকারীদের পুঁজি রক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতারা সারাদেশের বিনিয়োগকারীদের মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে থাকছেন বিশিষ্ট ব্যক্তিরা

মহাসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াতে ইসলামীর মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. সফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাসদের যুগ্ম সম্পাদক মো. রাজেকুজ্জামান রতন, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, শেয়ারবাজার বিশ্লেষক মো. ফজলুল বারী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা মো. দিদারুল আলম ভূঁইয়া।

বিনিয়োগকারীদের ক্ষতির অভিযোগ

সংগঠনের প্রধান মুখপাত্র মো. নূরুল ইসলাম মানিক বলেন, "বর্তমানে শেয়ারবাজারে ৯৯ শতাংশ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত। তাদের পুঁজি রক্ষায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্ব কোনো কার্যকর ভূমিকা রাখছে না, বরং বাজার ধ্বংসের ষড়যন্ত্র করছে।"

তিনি আরও জানান, "বিএসইসি থেকে ব্রোকারেজ হাউজের কর্মী ও বিনিয়োগকারীদের মহাসমাবেশে অংশ না নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"

সংকট সমাধানে স্মারকলিপির ঘোষণা

সিনিয়র মুখপাত্র এস এম ইকবাল হোসেন বলেন, "গত পাঁচ মাসে শেয়ারবাজার থেকে ৬৬ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে। ২০১০ সালের পর থেকে চলমান সংকট আরও প্রকট হয়েছে। এ অবস্থার উন্নতি না হলে ৩ ফেব্রুয়ারির মহাসমাবেশ শেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবো।"

তিনি আরও বলেন, "বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।"