বিগত শাসনামল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক, পুঁজিবাজার ও ব্যাংকিং খাতের সংকট নিরসনে বর্তমান সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে শ্বেতপত্র কমিটি, অর্থনীতি পুনঃকৌশলীকরণ কমিটি ও বিভিন্ন টাস্কফোর্সের কার্যক্রম জোরদার করা হয়েছে।
আইসিবিকে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা
পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শেয়ার বিক্রিতে করহার কমিয়ে বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রিতে ৫০ লাখ টাকার বেশি মূলধন লাভের ওপর কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ড. সালেহউদ্দিন বলেন, “বাজার পর্যবেক্ষণে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে, যাতে সিকিউরিটিজ ট্রেডিংয়ের কোনো ব্যাঘাত না ঘটে। এ ধরনের পদক্ষেপ বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে।”
উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার
সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, “উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা করে, প্রয়োজনীয়তা বিবেচনায় উচ্চ রিটার্নের সম্ভাবনাময় প্রকল্পগুলো একনেকে অনুমোদন দেওয়া হচ্ছে।”
ঋণ পরিশোধে সরকারের প্রস্তুতি
সরকারের ঋণ ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, “সরকার তার প্রয়োজনীয়তা অগ্রাধিকার দিয়ে ব্যয় করছে। বাজেটে চাপ থাকলেও তা পর্যালোচনা করে সমন্বয় করা হবে। উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়েই সবকিছু পরিচালিত হচ্ছে।”
বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপগুলো পুঁজিবাজারসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।