দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৭৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদরে ধস নেমেছে। সর্বোচ্চ দরপতন হয়েছে এ শেয়ারের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (৩১ মার্চ) এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আজ সর্বশেষ লেনদেন হয়েছিল ৪৫ টাকা ৭০ পয়সা।
শেয়ারবাজারে লেনদেন শুরুর পর থেকে প্রতিদিনই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে এ কোম্পানিটি। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, একদিনে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে। গত ৬ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর প্রায় প্রতিটি কার্যদিবসেই দিনের সর্বোচ্চ দামে কোম্পানিটির শেয়ারের বিপুল ক্রয়াদেশ আসে। অন্যদিকে প্রতিদিনই শূন্য পড়ে ছিল বিক্রয় আদেশের ঘর।
এভাবে দাম বাড়ায় হু হু করে শেয়ারটির দর সর্বোচ্চ ৫৩ টাকা ৭০ পয়সায় উঠে যায়। এর মধ্যে অস্বাভাবিক দর বাড়ায় ডিএসই কোম্পানিটিকে নোটিশ দেয়। বাজার বিশ্লেষকরা বলেন, এতদিন যারা শেয়ারটির দর নিয়ে খেলেছে তারা কেটে পড়ায় এখন দরপতন শুরু হয়েছে।
এশিয়াটিক ল্যাবটরিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সম্পদমূল্য বেশি ও অতিরঞ্জিত মুনাফা দেখিয়ে আইপিও অনুমোদন নেওয়ার। আর সম্পত্তি নিয়ে বিতর্কের কারণে বিএসইসি এ প্রতিষ্ঠানটির আইপিও আবেদনও স্থগিত করেছিল।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রেকিট বেনকিজারের শেয়ারদর আগের দিনের তুলনায় ২৪৪ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১০ পয়সা বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্, কেয়া কসমেটিক্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স (বিডি), রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।