শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের কার্যক্রমে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসের গত পাঁচ বছরের আর্থিক কার্যক্রম ও সম্পদের হিসাব খতিয়ে দেখতে এই বিশেষ নিরীক্ষা করা হবে। এজন্য স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সূত্র জানায়, কোম্পানি তিনটির আর্থিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন সম্পদের সঠিক হিসাব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি বেক্সিমকো গ্রুপের বেশ কিছু প্রতিষ্ঠান লোকসানে পড়ার কারণে এগুলোর ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ১১ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত মাসে কমিটির প্রথম বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে লোকসানি প্রতিষ্ঠানগুলো বন্ধ করা এবং কিছু প্রতিষ্ঠান বিক্রি করার প্রস্তাব উঠে আসে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই বেক্সিমকো গ্রুপের শেয়ারবাজারে থাকা কোম্পানিগুলোর আর্থিক অবস্থা ও সম্পদের সার্বিক মূল্যায়ন করতে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিএসইসির এ পদক্ষেপ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।