পুঁজিবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৮ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৪ টাকা ৮০ পয়সায়।
১৯৯১ সালে যাত্রা করা মিথুন নিটিং স্পোর্টস জার্সি ও অন্যান্য নিটওয়্যার তৈরি করে। ১৯৯৪ সালে তারা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩২ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসান রয়েছে ১৪ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার ১৬২। এর মধ্যে ১৭ দশমিক ২০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৫ দশমিক ৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬৭ দশমিক ১৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
কারখানার কার্যক্রম বন্ধ থাকায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল শূন্য।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিংয়ের পর্ষদ। কারখানার কার্যক্রম বন্ধ থাকায় আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ও এনএভিপিএস ছিল শূন্য। এর আগের সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিংয়ের পর্ষদ। কারখানার কার্যক্রম বন্ধ থাকায় আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল শূন্য।
লোকসানের কারণে ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি কোনো আয় বা লোকসান ছিল না।