ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পর্ষদ শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরুর উদ্যোগ নিয়েছে। রোববার কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জানা যায়, লংকাবাংলা ফাইন্যান্স বিদ্যমান ব্যবসার পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধীনে শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করবে। এ লক্ষ্যে কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারার অন্তর্ভুক্ত বা সংশোধনেরও সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৪ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২১ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
এদিকে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত ইপিএস হয়েছে ২০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। গত ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২ পয়সায়।