• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • শেয়ারবাজারে পেনশন ফান্ড বিনিয়োগের প্রস্তাব অর্থ উপদেষ্টার

শেয়ারবাজারে পেনশন ফান্ড বিনিয়োগের প্রস্তাব অর্থ উপদেষ্টার

সরকারি কর্মচারীদের পেনশন তহবিলকে শেয়ারবাজারে বিনিয়োগের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারে আয়োজিত এক সেমিনারে তিনি এ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই।

অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প ও নতুন অর্থায়নে ঝুঁকির ভাগাভাগি বা ‘রিস্ক শেয়ারিং’ জরুরি। এজন্য বন্ড ও ইকুইটিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বর্তমানে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রয়েছে, যা থেকে বেরিয়ে আসতে পেনশন তহবিলকে শেয়ারবাজারে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তবে ঝুঁকির দিকটিও সতর্কভাবে উল্লেখ করেন সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, পেনশন ফান্ড সরকারি তহবিল এবং এর চূড়ান্ত দায় সরকারের। তাই শেয়ারবাজারে এই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সরকারকেই সর্বোচ্চ জিম্মাদার হতে হবে।

তিনি আরও বলেন, যে প্রকল্পে এই অর্থ বিনিয়োগ করা হবে, তা অবশ্যই সঠিকভাবে ‘সিকিউরিটাইজ’ করতে হবে। বিনিয়োগে ক্ষতি হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি শুধু ‘দুঃখিত’ বললেই দায় শেষ হবে না। এজন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তহবিল ব্যবহারের পরামর্শ দেন তিনি।