• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • শেয়ারবাজারে বড় উদ্যোগ: বিনিয়োগ তহবিল বাড়াতে বিএসইসির প্রস্তাব

শেয়ারবাজারে বড় উদ্যোগ: বিনিয়োগ তহবিল বাড়াতে বিএসইসির প্রস্তাব

  • পুঁজিবাজার
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বৈঠকে শেয়ারবাজারে বিনিয়োগ তহবিলের মেয়াদ এবং আকার বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

বিএসইসি প্রস্তাব দিয়েছে, ২০২০ সালে গঠিত ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিল বৃদ্ধি করে ৩০০ কোটি টাকা করা হোক এবং এর মেয়াদ আগামী পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হোক। আগামী ফেব্রুয়ারিতে তহবিলের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা।

এছাড়া বৈঠকে শেয়ারবাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ করে সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে বিএসইসি। পাশাপাশি, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারের ভূমিকা বাড়াতে একটি নীতিমালা তৈরির প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে তাৎক্ষণিক সিদ্ধান্ত না হলেও, বিষয়গুলো পরবর্তীতে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এই বিশেষ তহবিল গঠন করা হয়, যা শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে। বিএসইসির পক্ষ থেকে এর আকার ও মেয়াদ বাড়ানোর প্রস্তাবের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের স্থিতিশীলতা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হলো।