• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ শেয়ারের ধাক্কায় বড় দরপতন পুঁজিবাজারে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন হয়েছে। এতে সূচক ৩৭ মাস আগের অবস্থানে নেমে এসেছে। পাশাপাশি গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে ৪০ শতাংশ। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক নিম্নমুখী ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক আরো নিম্নমুখী হতে থাকে, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত বজায় ছিল। গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স সূচক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩১ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫১৭ পয়েন্ট। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল দিন শেষে ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে ছিল ২ হাজার ৯৭৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস দিন শেষে ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ পয়েন্টে, আগের যা কার্যদিবসে ছিল ১ হাজার ২১২ পয়েন্টে। 


গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনাটা, গ্রামীণফোন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের। 


ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে ৪০৯ কোটি টাকা, আগের কার্যদিবসে যা ছিল ৬৭৮ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২২টির, কমেছে ৩৪৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টি সিকিউরিটিজের বাজারদর।


খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ২ শতাংশ দখলে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের। ৯ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড খাত। মোট লেনদেনের ৯ দশমিক ১ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক খাত। আর বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৮ শতাংশ।


ডিএসইতে গতকাল সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল কাগজ, সিরামিক ও সেবা খাত। এ তিন খাতে রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৯, ২ দশমিক ৯ ও ২ দশমিক ৮ শতাংশ। 


অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৬৫ পয়েন্ট কমে ৯ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৩৪৭ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২৬৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ৬ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত ছিল ১২টির বাজারদর। গতকাল সিএসইতে ৮ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৯ কোটি ৬৮ লাখ টাকা।