• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম আরও কমে ভরি ১,১২,৯৩১ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন- বাজুস। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণে ফের ৬৩০ টাকা কমানোয় নতুন দাম হয়েছে ১১২৯৩১ টাকা।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৭ এপ্রিল) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টা থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে।


বাজুস এ নিয়ে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমালো। এর আগে গত ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল টানা তিনদিন স্বর্ণের দাম কমানো হয়।


গত ২৫ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩১৩৮ টাকা দাম কমানো হয়। এখন ফের ৬৩০ টাকা কমানোয় ৪ দফায় ভরিতে কমলো মোট ৬৪৯৭ টাকা।


নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম ৬৩০ টাকা কমিয়ে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৬০৬ টাকা কমিয়ে ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৫১৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৪০২ টাকা নির্ধারণ করা হয়েছে।


এদিকে সব ধর‌নের স্বর্ণের দাম কমলেও এ দফায় সনাতনী স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এ মানের স্বর্ণ ভরিতে ২০৪১ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৮৪২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।