
স্টাফ করেসপন্ডেন্ট
Published:15 Mar 2024, 05:53 AM
অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর সম্মতি পেলো রেনাটা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসির ৩৫০ কোটি টাকা মূল্যের অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৯০৩তম কমিশন সভায় এটির অনুমোদন দেয়া হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেনাটার ৩৫০ কোটি টাকা মূল্যের রিডিমেবল, কিউমুলেটিভ, নন-কনভার্টিবল ও নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ারের মেয়াদ পাঁচ বছর। বার্ষিক লভ্যাংশের হার ৯-১০ শতাংশ। কোম্পানিটি প্রাইভেট অফারের মাধ্যমে এ শেয়ার ইস্যু করবে। এ শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানি তার বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।
১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির ওষুধ রফতানি হচ্ছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১। এর মধ্যে ৫১ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯ দশমিক ৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২২ দশমিক ৬৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬ দশমিক ৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৮৬০ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৯৪ কোটি ৬৮ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮৫ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০৯ কোটি ৮৮ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৩০ পয়সা।
২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৯১৮ কোটি ২০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৫৭ কোটি ৬১ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৮৫ কোটি ১৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৫ কোটি ৩৫ লাখ টাকা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৬ টাকা ১৮ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটার পর্ষদ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩৩ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫১১ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৪০ পয়সাম আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সায়।
ডিএসইতে গতকাল রেনাটা পিএলসির শেয়ার সর্বশেষ ৮৭৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৮৭৪ টাকা থেকে ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।