
স্টাফ করেসপন্ডেন্ট
Published:28 May 2024, 02:35 AM
আইএফআইসি ব্যাংকের শেয়ার কিনবেন সায়ান ফজলুর রহমান
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক আহমেদ সায়ান ফজলুর রহমান ব্যাংকটির ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক অথবা ব্লক মার্কেটে এ শেয়ার কিনবেন তিনি। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের বর্তমানে অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ শেয়ার। এছাড়া সরকারের কাছে ৩২ দশমিক ৭৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৭৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৬৫ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৯ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল আইএফআইসি ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮ টাকা ২০ পয়সা থেকে ১৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৩ পয়সায়। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা এবং সমন্বিত এনভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮২ পয়সায়।