logo

আজ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী

আপন ঘর ডেস্ক

Published:17 Mar 2024, 05:25 AM

আজ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী


আজ ১৭ মার্চ, ২০২৪। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়।


১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু গোপালগঞ্জ উপজেলার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তিনি তৃতীয় ছিলেন।


আজকের দিনটি সরকারি ছুটি। দিবসটি উপলক্ষ্যে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল ভবনে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।



রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে পৃথক বার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে।


রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।


আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।


টুঙ্গিপাড়ায় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এছাড়াও তিনি গোপালগঞ্জ জেলার ১০৪ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করবেন।


টুঙ্গিপাড়া এবং দেশের অন্যান্য স্থানে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।


বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোতে বাঙালির জীবনে এই দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।



কর্মসূচি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, দলের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের অন্যান্য স্থানে সকাল ৬:৩০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবং মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।


দেশব্যাপী বিশেষ নামাজের কর্মসূচির অংশ হিসেবে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদসহ দেশের সকল মসজিদে এবং অন্যান্য উপাসনালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।