logo

আলোচনার কেন্দ্রে বসুন্ধরা গ্রুপ: ১ হাজার ৪৫৮ কোটি টাকার শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপন ঘর ডেস্ক

Published:01 May 2025, 03:34 AM

আলোচনার কেন্দ্রে বসুন্ধরা গ্রুপ: ১ হাজার ৪৫৮ কোটি টাকার শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ


বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদ অবরুদ্ধ করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে দেওয়া আদেশে মোট ৭০টি ব্যাংক হিসাব এবং ২২টি কোম্পানির প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকার শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে। এসব হিসাবে বর্তমানে জমাকৃত প্রায় ২০ কোটি টাকা এবং ১০,৫৩৮ মার্কিন ডলারও অবরুদ্ধ করা হয়েছে।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গত ৩০ এপ্রিল এই নির্দেশনা দেন। অবরুদ্ধ সম্পদের মালিকদের মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তার চার পুত্র সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান সানভীর, সাফওয়ান সোবহান এবং দুই পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।

দুদক জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং, রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে উঠে এসেছে, আগে এসব হিসাবে জমা ছিল প্রায় ২ হাজার ৭৫ কোটি টাকা ও ১.৯২ লাখ মার্কিন ডলার, যা পরবর্তীতে তুলে নেওয়া হয়।

দুদকের অনুসন্ধানে আরও বলা হয়, অভিযুক্তরা স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিনা অনুমতিতে বিনিয়োগ করেছেন এবং নাগরিকত্ব গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের হাবিব ব্যাংকে অর্থ জমা এবং সাইপ্রাসে বাড়ি কেনার তথ্যও মিলেছে। এসব বিনিয়োগ দেশের আইনের লঙ্ঘন বলেই জানিয়েছে দুদক, যারা মনে করছে, এই অর্থ বিদেশে পাচার করে ‘লেয়ারিং’ পদ্ধতিতে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।