
স্টাফ করেসপন্ডেন্ট
Published:11 Apr 2024, 06:13 AM
ঈদ শুভেচ্ছাবার্তায় যা বললেন শাকিব খান
ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা। ইতোমধ্যে এর পোস্টার ও তিনটি গান প্রকাশ হয়েছে। যা নিয়ে আলোচনা-সমালোচনা উভয় চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের ভাষ্য―এবারের ঈদেও গতবারের ‘প্রিয়তমা’র মতো বাজিমাত করবে ‘রাজকুমার’।
এদিকে আজ বৃহস্পতিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের আগের দিন এক ভিডিওবার্তায় সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানালেন শাকিব খান। একই সঙ্গে সবাইকে সিনেমা দেখার আহ্বান জানালেন এ তারকা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওর ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন।’
‘পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে রাজকুমার। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে এগিয়ে যাব বহুদূর।’
শাকিব খানের এ পোস্টটি সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজেনদের। অসংখ্য রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্য এসেছে। সবাই শুভ কামনা জানিয়েছেন এবং ঈদ মোবারক দিয়েছেন প্রিয় তারকাকে।
হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।