logo

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭, আহত শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট

Published:22 Jul 2025, 04:04 AM

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭, আহত শতাধিক


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭১ জন, যাদের মধ্যে ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক ডা. মো. সায়েদুর রহমান এই তথ্য জানান। তিনি জানান, দগ্ধ শিশুদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি হাসপাতালের পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত ভিড় না করতে এবং রক্তের পর্যাপ্ত ডোনার থাকায় আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান। তবে নেগেটিভ গ্রুপের কিছু রক্তের প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেন তিনি।


আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি। কিছুক্ষণের মধ্যেই এটি উত্তরার ওই স্কুল ভবনে বিধ্বস্ত হয়। পরে জানা যায়, চীনে তৈরি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে ভবনে আগুন ধরে যায়।


দুর্ঘটনার পর মুহূর্তেই স্কুল প্রাঙ্গণ পরিণত হয় বিভীষিকাময় এক দৃশ্যে—দগ্ধ শিশুদের চিৎকার, খোঁজে পাগলপ্রায় অভিভাবকদের আহাজারি আর চারপাশে আতঙ্কের ছায়া যেন থমকে দিয়েছিল পুরো এলাকা।