
আপন ঘর ডেস্ক
Published:30 Dec 2024, 03:26 AM
একনজরে পুঁজিবাজারের ৫ খবর
১ মে থেকে নির্ধারিত সফটওয়্যার ছাড়া লেনদেন বন্ধ
ট্রেকহোল্ডারদের জন্য অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন, বাস্তবায়ন ও ব্যবহারের সময়সীমা কিছুটা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরু করতে না পারলে ১ মে লেনদেনে অংশ নেওয়ার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে বিএসইসি।
নির্ধারিত অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহারের জন্য বিএসইসি নতুন সময় বেঁধে দিয়েছে। বিএসইসির সর্বশেষ নির্দেশনা অনুসারে, এই সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরুর জন্য আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাবে ট্রেকহোল্ডাররা। তবে এরপর এই সফটওয়্যার ছাড়া কোনো ট্রেকহোল্ডার লেনদেন পরিচালনা করতে পারবে না।
বিএসইসির এই নির্দেশনার বিষয়টি সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব ট্রেকহোল্ডারের অফিসে বিএসইসির প্যানেলভুক্ত ভেন্ডরের অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরুর নির্দেশ দিয়েছিল বিএসইসি। কিন্তু নানা কারণে অনেক ট্রেকহোল্ডারের পক্ষে এটি সম্ভব হয়নি। এমন অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন এই সময়সীমা বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। তার প্রেক্ষিতে বিএসইসি আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে।
পাশাপাশি বিএসইসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এরপর আর সময়সীমা বাড়ানো হবে না। এই সময়ের মধ্যে কোনো স্টক-ব্রোকার ও স্টক-ডিলার অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরু করতে না পারলে ১ মে ওই প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নেওয়ার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে নিয়ন্ত্রক সংস্থা।
ডিএসইর চিঠিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ৩০ এপ্রিলের মধ্যে ওই সফটওয়্যার স্থাপনের কাজ শুরু করলে শর্ত পূরণ হবে না। এই সময়ের মধ্যে তা স্থাপনের পাশাপাশি ব্যবহার শুরু করতে হবে।
বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যারের ৮টি ভেন্ডর প্যানেলভুক্ত আছে। অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন, বাস্তবায়ন ও ব্যবহার শুরুর একই শর্ত দেশের অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র জন্যেও প্রযোজ্য।
ঢাকা ডায়িংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (২৯ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ালটনের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জি ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ২০২১ থেকে ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪২ পয়সা লোকসান হয়েছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ১০ পয়সা।
স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভা ১ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০১ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন , ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও চলতি বছরের প্রথম প্রান্তিকের আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
জিকিউ বলপেনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া এনার্জিপ্যাক পাওয়ারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত, ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।