logo

চলতি সপ্তাহে পাঁচ কোম্পানির পর্ষদ বিশেষ সভা

স্টাফ করেসপন্ডেন্ট

Published:13 Jul 2024, 04:36 AM

চলতি সপ্তাহে পাঁচ কোম্পানির পর্ষদ বিশেষ সভা


পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 


বিডি থাই ফুড: কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহার ও সময় বৃদ্ধির বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০ জুন। 


আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। 


সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানির নাম পরিবর্তন ইস্যুতে ১৫ জুলাই বেলা ১১টায় ইজিএম করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। 


সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সেনা কল্যাণে ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা।


মনোস্পুল পেপার: ১৬ জুলাই বেলা ৩টায় কোম্পানিটির নাম পরিবর্তনে ইজিএম অনুষ্ঠিত হবে। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ২১ পয়সা। 


পেপার প্রসেসিং: কোম্পানিটির নতুন নাম হবে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি। এ ইস্যুতে ১৬ জুলাই বিকাল ৪টায় ইজিএম করবে কোম্পানিটি। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৩৩ পয়সা। 


সালভো কেমিকেল: কোম্পানিটির নাম পরিবর্তন ও শেয়ার ইস্যুর বিষয়ে ১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইজিএম আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০ জুন।


সাধারণ বিনিয়োগকারী ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।