
আপন ঘর ডেস্ক
Published:03 Dec 2024, 04:27 AM
জুলাই বিপ্লবের গ্রাফিতি সংবলিত নতুন নোট আসছে
সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। এসব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নতুন ডিজাইনে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে। নতুন নোট ছাপানোর কাজও শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যেই এসব নোট বাজারে আসবে।
কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে নির্দেশ দেয়। নোটের চূড়ান্ত নকশা প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কাজ করছে। এ কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এবং এতে চিত্রশিল্পীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, ‘নতুন টাকা ছাপার কাজ অনেক দূর এগিয়েছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যেই নতুন নোট বাজারে আসবে।’