
স্টাফ করেসপন্ডেন্ট
Published:17 Jun 2025, 04:52 AM
জেনারেশন নেক্সটের চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের তদন্ত শুরু
তালিকাভুক্ত পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড–এর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এবং তার স্ত্রী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম–এর বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।
সোমবার (১৬ জুন) দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে—তৌহিদুল ও তার সহযোগীরা জেনারেশন নেক্সট ছাড়াও অন্তত ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কয়েকটি নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন। এসব টাকা আত্মসাৎ করে প্রায় ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, যেসব ব্যাংক থেকে এই ঋণ নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক (এনবিএল), ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং এবি ব্যাংক। অভিযোগ অনুসারে, এসব ব্যাংক থেকে ধারাবাহিকভাবে বড় অঙ্কের অর্থ উত্তোলন করা হয় এবং পরে তা নানা কৌশলে দেশের বাইরে সরিয়ে ফেলা হয়।
দুদকের প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ অর্থের গতিবিধির প্রমাণ পাওয়ার পরই সরকারি উচ্চপদস্থ কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করা সাঈদা মুনা তাসনিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি তৌহিদুলের স্ত্রী হিসেবে বিভিন্ন আর্থিক লেনদেনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
দুদক জানিয়েছে, এ ঘটনায় সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এখন প্রক্রিয়াগত অনুসন্ধান জোরদার করা হয়েছে। প্রমাণ সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হবে।