logo

টেকনো ড্রাগসের সাবস্ক্রিপশন ৯ থেকে ১৩ জুন

স্টাফ করেসপন্ডেন্ট

Published:05 Jun 2024, 04:07 AM

টেকনো ড্রাগসের সাবস্ক্রিপশন ৯ থেকে ১৩ জুন


বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ৯ জুন শুরু হয়ে চলবে ১৩ জুন পর্যন্ত। 


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 


গত ২১-২৪ এপ্রিল পর্যন্ত যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) টেকনো ড্রাগসের শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণে ইলেকট্রনিক বিডিংয়ে অংশ নেন। বিডিংয়ে কাট অফ প্রাইস নির্ধারণ হয়েছে ৩৪ টাকা।  সাধারণ বিনিয়োগকারীরা কাট অফ প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কমে ২৪ টাকায় কোম্পানিটির শেয়ার কিনতে পারবেন। 


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৯০২তম কমিশন সভায় টেকনো ড্রাগস লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়া হয়।


আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। 


টেকনো ড্রাগসের ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা।