
আপন ঘর ডেস্ক
Published:15 Dec 2024, 01:21 AM
দুই কোম্পানির লভ্যাংশ দেয়াসহ পুঁজিবাজারের ১০ খবর
বিজয় দিবসে বন্ধ থাকবে পুঁজিবাজার
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। দিনটি উৎযাপন উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
১৯৭১ সালের বাংলাদেশ-পাকিস্তান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশীদের জয়কে উদযাপনের জন্য বিজয় দিবস হিসেবে বাংলাদেশে প্রতি ১৬ ডিসেম্বর স্মরণ করা হয়।
প্রধান সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট, কমেছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট। তবে গত কার্যদিবসের থেকে লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১৫ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭৮ পয়েন্টে।
এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১১৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১৯০৮ পয়েন্টে অবস্থান করছে।
রোববার ডিএসইতে ৩০৪ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার টাকা।
রোববার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩২টি কোম্পানির, বিপরীতে ৮৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
বেক্সিমকোর দায়-দেনা সাড়ে ৫০ হাজার কোটি টাকা
২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর ৫০ হাজার ৫০০ কোটি দায়-দেনা রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে ১৬ ব্যাংক ও ৭ আর্থিক প্রতিষ্ঠান।
রবিবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চকে প্রতিবেদন দাখিলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
হাইকোর্টে বেক্সিমকোর অনিয়ম নিয়ে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, বেক্সিমকোর ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮ কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। যে সমস্ত ব্যাংকে এই সব ঋণ পরিশোধ করেনি বেক্সিমকো তার তালিকাও দাখিল করা হয়। এর মধ্যে ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০ হাজার ৫০০ কোটি দায়-দেনা আছে।
এর আগে ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়।
গত ৫ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে এবং গ্রুপটির কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য ‘রিসিভার’ নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।
শেয়ার হস্তান্তর করবেন পেপার প্রসেসিংয়ের উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী আফরোজা বেগমের কাছে ২ লাখ ৯৫ হাজার শেয়ার এবং উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন তার ছেলে মোস্তফা আজাদ মহিউদ্দিনের কাছে ৬ লাখ ৫০ হাজার ও স্ত্রী দিলারা মোস্তফার কাছে ৬ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা পরিচালক।
নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানি দুটি হচ্ছে- মামুন এগ্রো এবং অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে কোম্পানিটি।
গত ৩০ জুন,২০২২ অর্থবছরে অরিজা এগ্রো ১১ শতাংশ নগদ এবং সমাপ্ত ২০২৩ অর্থবছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আর মামুন এগ্রো ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।
সামিট পাওয়ারের সব প্ল্যান্টের উৎপাদন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের সব পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু প্ল্যান্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আর কিছু প্ল্যান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পাওয়ারের ৫টি পাওয়ার প্লান্ট রয়েছে। এর মধ্যে আশুলিয়ার ১১ মেগাওয়াট, মাধবদীর ১১ মেগাওয়াট ও চান্দিনার ১১ মেগাওয়াট পাওয়ার প্লান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।
এছাড়া, জঙ্গলিয়া ৩৩ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৪ জুন। এ প্লান্টের সঙ্গে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) চুক্তি নবায়ন না করায় উৎপাদন বন্ধ রয়েছে।
বাকি মদনগঞ্জ ১০২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হয়েছে গত ২২ মার্চ। এরপরে বিপিডিবি এই প্লান্টের সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি নো পে’ এই শর্তে চুক্তি করে। তবে বিপিডিবি আগস্টের মাঝামাঝি থেকে বিদ্যুৎ নিচ্ছে না। তাই প্লান্টটি বন্ধ।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সামিট পাওয়ার। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৭ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের (উদ্যোক্তা বা পরিচালক ছাড়া) মালিকানা ৩৬ দশমিক ৮২ শতাংশ। শনিবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা।
ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ লাখ ২৬ হাজার ৭৯টি শেয়ার ৫৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকা।
রোববার (১৫ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ও তৃতীয় স্থানে থাকা রেনাটা লিমিটেডের ১ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৮২ লাখ ২ হাজার টাকা এবং ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ড্রাগন সোয়েটারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে ৮৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেড।
রবিবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ওয়াটা কেমিক্যালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ১২ শতাংশ। আর ৪ দশমিক ০৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এইচ. আর টেক্সটাইলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলি টেক্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলহাজ্ব টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস এবং নর্দান ইন্স্যুরেন্স।
দরবৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৩২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
রোববার (১৫ ডিসেম্বর) অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ। আর ৬ টাকা ৩০ পয়সা টাকা বা ৮ দশমিক ৮৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ৮ দশমিক ৮৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮ দশমিক ২১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ দশমিক ১৪ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৭৯ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৭ শতাংশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৪ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (১৫ ডিসেম্বর) স্কয়ার ফার্মার ৩৪ কোটি ৯৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকার। ৮ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, এনআরবি ব্যাংক, ইন্ট্রাকো রিফুয়েলিং, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, ফাইন ফুডস এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।