
স্টাফ করেসপন্ডেন্ট
Published:03 Dec 2024, 03:53 AM
পুঁজিবাজারের ৯ খবর একসঙ্গে পড়ুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড লিমিটেডের আয় কমার খবর মিলেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।
সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়।
আয় কমার পাশাপাশি নগদ প্রবাহের অবনতি:
প্রতিবেদনে দেখা যায়, চলতি প্রান্তিকে শেয়ারপ্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৮১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ১২ পয়সা।
দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড চলতি প্রান্তিকে লোকসান থেকে মুনাফায় ফিরে এসেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৬ পয়সা।
শেয়ারপ্রতি ক্যাশফ্লো বেড়ে দাঁড়িয়েছে ৫৮ পয়সা, যা গত বছর ছিল মাইনাস ৪৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট দায় ছিল ৩৯ টাকা ৮৭ পয়সা।
গোল্ডেন সন লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমে হয়েছে ৭ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১১ পয়সা। চলতি প্রান্তিকে শেয়ারপ্রতি ক্যাশফ্লো বেড়ে দাঁড়িয়েছে ৬৯ পয়সা, যেখানে গত বছর ছিল মাইনাস ৩৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৯ টাকা ৪৩ পয়সা।
ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড নতুন করে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অভিহিত মূল্য ১০ টাকায় এই শেয়ার ইস্যু করে ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে শেয়ারে রূপান্তর করা হবে।
বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১২ লাখ টাকা। গত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ২১ পয়সা আয় করেছিল।
অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে ৬ মাসেরও বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে।
এ বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকলেও কারখানা একদিনের জন্যও বন্ধ হয়নি। তবে বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী, কোম্পানিটির শেয়ার মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২০২৩ সালের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে এই লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।