
স্টাফ করেসপন্ডেন্ট
Published:26 Nov 2024, 05:53 AM
বঙ্গোপসাগরে নিম্নচাপ: চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যা বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগর উত্তাল থাকায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আরও ঘণীভূত হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার, যা দমকা আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় গভীর সাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে, যা দৃষ্টিসীমা সীমিত করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।