logo

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৩১ জানুয়ারি: শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

আপন ঘর ডেস্ক

Published:29 Jan 2025, 03:32 AM

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৩১ জানুয়ারি: শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে


তিন পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৩১ জানুয়ারি)। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। এবার মাওলানা জুবায়ের অনুসারীরা দুটি এবং সাদপন্থিরা এক পর্বে ইজতেমায় অংশ নেবেন।

প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। মাওলানা জুবায়ের অনুসারীরা শুরুতে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এক পর্বেই ইজতেমার পরিকল্পনা করলেও পরবর্তীতে তারা দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদপন্থিদের বিশ্ব ইজতেমা।

তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর-পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। এর পাশেই বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন পারাপারের জন্য সেনাবাহিনী তুরাগ নদীর ওপর নির্মাণ করেছে পাঁচটি ভাসমান সেতু, পাশাপাশি বিআইডব্লিউটিএ একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করেছে। ইজতেমা ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সিসিটিভি স্থাপন করেছে।

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য সার্বিক প্রস্তুতির কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।