
স্টাফ করেসপন্ডেন্ট
Published:14 Mar 2024, 07:03 AM
রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই
কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। ১৩ মার্চ, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে তার ছোট ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত বছর মায়ের মৃত্যুর পর ট্রমার মধ্যে চলে গিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। মানসিকভাবে তিনি স্বাভাবিক ছিলেন না।
সাদি মহম্মদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে তিনি একজন সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। সে সময় তিনি 'আমকে খুজে পাবে ভোরের শিশিরে’ নামের একটি গানের অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ২০০৯ সালে ‘শ্রাবণ আকাশে’ এবং ২০১২ সালে ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশ করেন।
উল্লেখ্য, সাদি মহম্মদ রবি রাগ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক ছিলেন। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করে।