logo

লভ্যাংশ সংক্রান্তসহ পুঁজিবাজারের ৬ খবর

আপন ঘর ডেস্ক

Published:15 Dec 2024, 08:47 AM

লভ্যাংশ সংক্রান্তসহ পুঁজিবাজারের ৬ খবর


এইচআর টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্তবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সঙ্গে লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটি।


মুন্নু এগ্রোর বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


মুন্নু এগ্রোর ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়।


কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য পরিচালনা পর্ষদ আগামী ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে।



ম্যাকসন্স স্পিনিংয়ের লোকসান বেড়েছে


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছিল।


গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৬২ পয়সা।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৭৪ পয়সা ছিল।


বিডি থাইয়ের লোকসান বেড়েছে


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৮ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১৯ পয়সা লোকসান হয়েছিল।


আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৫৮ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ২৯ পয়সা।




পাচঁ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন


পুঁজিবাজারে তালিকাভুক্ত পাচঁ প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, আইসিবি, একমি ল্যাবরেটরিজ, ম্যাকসন্স স্পিনিং এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মুন্নু এগ্রোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


এছাড়া, আইসিবির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


একমি ল্যাবরেটরিজের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। গত ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


ম্যাকসন্স স্পিনিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। গত ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


স্কয়ার ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় জরিমানার মুখে পড়ছে ৯ কোম্পানির পরিচালকরা


শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির পরিচালকরা নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের ঘোষিত ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় জরিমানার মুখে পড়ছেন।


শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিগুলোকে ডিভিডেন্ড বিতরণ করার জন্য সর্বশেষ ১৫ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছিল।



কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও তারা শেয়ারহোল্ডারদের কাছে ডিভিডেন্ড পাঠাতে ব্যর্থ হয়েছেন বিধায় কোম্পানিগুলোর পরিচালকদের উল্লেখযোগ্য পরিমাণে জরিমানা আরোপ করছে বিএসইসি।


কোম্পানিগুলো বিডি পেইন্টস, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস, মামুন এগ্রো প্রোডাক্টস, লুব-রেফ (বাংলাদেশ), কৃষিবিড ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, প্যাসিফিক ডেনিমস এবং কৃষিবিদ সীড।


বিএসইসি জানিয়েছে, দু'বছর আগে ২০২১-২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। কিন্তু সিকিউরিটিজ আইন অনুযায়ি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ডের অর্থ কোম্পানিগুলো তাদের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেনি।


বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং শেয়ারবাজারের সার্বিক উন্নয়নের জন্য বিএসইসি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ কোম্পানিগুলোর পরিচালকদের (স্বাধীন পরিচালক ব্যতীত) জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়।



তবে জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হলেও কমিশন কোম্পানিগুলোকে ঘোষিত ডিভিডেন্ড বিতরণের সুযোগ দেওয়ার জন্য একটি সময়সীমাও নির্ধারণ করে দিয়েছিল। যা ছিল ১৫ ডিসেম্বর, ২০২৪।


যদি ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির পরিচালকরা নির্ধারিত সময়সীমার মধ্যে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হয়, তাহলে তাদের ওপর ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার বেশি অর্থ জরিমানা করা হতে পারে।


আর যদি আরোপিতজরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা না হয়, তাহলে প্রতিদিন তাদেরকে ১০ হাজার টাকা করে বাড়তি জরিমানা আরোপ করা হবে।


বিএসইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। এজন্য কোম্পানিটিকে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।


ডিভিডেন্ড বিতরণের নিয়ম


শেয়ারবাজারের তালিকাভুক্তির বিধি অনুসারে, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঘোষিত বা অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করতে হয়।


যদি কোনও তালিকাভুক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে এর পরিচালকরা যৌথভাবে এবং একযোগে দায়বদ্ধ হবেন এবং তাদেরকে প্রতিদিন ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করতে হবে।


বিএসইসি সূত্রে জানা গেছে, ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর মধ্যে বিডি পেইন্টসের পরিচালকদের ৯৭ টাকা, ওরিজা এগ্রো ৪৭ লাখ টাকা, সাফকো স্পিনিং ২০ লাখ টাকা, পেসিফিক ডেনিমস ১৩ লাখ টাকা, লুব-রেফ ২ কোটি ৩৫ লাখ টাকা, মামুন এগ্রো ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড ১০ লাখ টাকা এবং কৃষিবিদ সীড ১০ লাখ টাকা জরিমানা আরোপ করা হতে পারে।