
স্টাফ করেসপন্ডেন্ট
Published:28 Jun 2024, 06:30 AM
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো লিন্ডে বাংলাদেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেবে না। এর আগে ঘোষিত ১ হাজার ৫৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশই কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার (২৭ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৮ টাকা ৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ০৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৭ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ইউনিয়ন ক্যাপিটাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।
বৃহস্পতিবার (২৭ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ টাকা ৯৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৫১ টাকা ০৩ পয়সা।
আগামী ১০ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।
নিটল ইন্স্যুরেন্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন
নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। তিনি কোম্পানির বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।
সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মো. মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ ও মো. সোহরাব আলী খান, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান। সভায় ২০২৩ সালের বিনিয়োগকারীদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।
মেঘনা লাইফের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (২৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।