logo

শত্রুর গভীর চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার

আপন ঘর ডেস্ক

Published:27 Feb 2025, 07:37 AM

শত্রুর গভীর চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার


গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা গণ-অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া অর্জনকে নস্যাৎ করতে পারে।

আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্তমানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।

আজ সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা শুরু হয়। সভায় ভার্চ্যুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসরেরা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে এবং ঐক্যকে আরও বেগবান করতে হবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দেশ এক সংকটময় সময় পার করছে। আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। এখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা, তারা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে বিএনপিকে পূর্বের ন্যায় আন্দোলন-সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলতে হবে।’

ছাত্র-যুবকসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘ভ্রাতৃত্ব ও সংহতির মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’