
স্টাফ করেসপন্ডেন্ট
Published:27 Feb 2025, 04:38 AM
শিক্ষার্থীদের পুঁজিবাজার সচেতনতা বৃদ্ধি: ইউল্যাব শিক্ষার্থীদের ডিএসই পরিদর্শন ও কর্মশালা
পুঁজিবাজার বিষয়ে একাডেমিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৪০ জন শিক্ষার্থী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছেন। আজ (২৭ ফেব্রুয়ারি) ইউল্যাবের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীরা ডিএসই পরিদর্শনে আসেন, সঙ্গে ছিলেন প্রভাষক সাকিব হাসান সিদ্দিকী।
পরিদর্শনের শুরুতেই শিক্ষার্থীরা ডিএসই অফিস ঘুরে দেখেন এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এরপর তারা অংশ নেন পুঁজিবাজার বিষয়ক একাডেমিক শিক্ষা ও সচেতনতা কর্মশালায়, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। তিনি শিক্ষার্থীদের পুঁজিবাজারের মৌলিক ধারণা, বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি ও বিনিয়োগ কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, "আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে পুঁজিবাজারের নেতৃত্ব দেবে। সঠিক বিনিয়োগ জ্ঞান অর্জনের মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।" তিনি শিক্ষার্থীদের বিনিয়োগের পূর্বে সচেতনতা বৃদ্ধি ও জ্ঞানের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সাত্বিক আহমেদ শাহ্, মহাব্যবস্থাপক (বাজার উন্নয়ন বিভাগ) মোঃ ছামিউল ইসলাম, এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।
ডিএসই শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে, যা ভবিষ্যৎ বিনিয়োগকারীদের জন্য সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।