logo

শেয়ারবাজারের অতি গুরুত্বপূর্ণ ৬ খবর

আপন ঘর ডেস্ক

Published:24 Feb 2025, 07:06 AM

শেয়ারবাজারের অতি গুরুত্বপূর্ণ ৬ খবর


মিরপুর সিকিউরিটিজ খতিয়ে দেখবে বিএসইসি


শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের (সিএসই ট্রেক নম্বর- ৫০) ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করতে একটি কমিটি গঠন করেছে। কমিশনটি মিরপুর সিকিউরিটিজের কার্যক্রমে কোনো অসঙ্গতি রয়েছে কি-না, তা খতিয়ে দেখবে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।


বিএসইসির গঠিত কমিটি মিরপুর সিকিউরিটিজের স্টক-ব্রোকার ও স্টক-ডিলারের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করবে। পাশাপাশি সিকিউরিটিজ আইন ও বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি কীভাবে কার্যক্রম পরিচালনা করছে, সে বিষয়ে মূল্যায়ন করবে। এছাড়া প্রতিষ্ঠানটির মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসরণ করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবে।


বিএসইসি কর্তৃক জারি করা আদেশে তিনজন কর্মকর্তাকে কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন: বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা, সহকারী পরিচালক সানজিদা রহমান এবং সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিন।


বিএসইসি মনে করছে, শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করা অত্যন্ত প্রয়োজনীয়।


ন্যাশনাল পলিমারের প্রেফারেন্স শেয়ার বাতিল


শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির বোর্ড ১০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল। যার অনুমোদন দেয়নি বিএসইসি।


জমি পুর্নমূল্যায়ন করবে দেশ গার্মেন্টস


শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের পরিচালনাবোর্ড কোম্পানিটির জমি পুর্নমূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পুর্নমূল্যায়নের লক্ষ্যে নিরীক্ষক হিসেবে এ. কাশেম অ্যান্ড কোং-কে নিয়োগ দিয়েছে দেশ গার্মেন্টস।


তিনটি মার্চেন্ট ব্যাংক খতিয়ে দেখবে বিএসইসি


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের তিনটি মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা যাচাই করা হবে। বিএসইসি একটি তিন সদস্যের পরিদর্শন কমিটি গঠন করেছে, যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।


মার্চেন্ট ব্যাংকগুলোর নাম হলো:


আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড


জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড


আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড


কমিটি এই ব্যাংকগুলোর মার্জিন অ্যাকাউন্টের সংখ্যা, নেগেটিভ ইক্যুইটি, বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা, নেতিবাচক ইক্যুইটির পরিমাণ, প্রভিশনস বা মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে রক্ষিত তহবিল এবং অননুমোদিত লেনদেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করবে।


এটি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জারি করা একটি আদেশ, যা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।


পরিদর্শন কমিটির সদস্যরা হলেন:


বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান


সহকারী পরিচালক মো. মতিউর রহমান


সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম


এই পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে বিএসইসি প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম এবং সিকিউরিটিজ আইন মেনে চলা বিষয়ে আরও নজর রাখতে চাইছে।


অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না ইয়াকিন পলিমার


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৩০ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১ টাকা। আর গত ২৩ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ১৪ টাকা ১০ পয়সায় দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা।


এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।


ডিএসইর চিঠির জবাব দেয়নি নিউলাইন ক্লোথিংস


পুঁজিবাজারে তালিকাভুক্ত নিউলাইন ক্লোথিংস লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিলো নিউলাইন ক্লোথিংসের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ৬ টাকা ৫০ পয়সায়। আর গত ১৩ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ১২ টাকা ১০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ ২১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা।