logo

শেয়ার কারসাজিতে বড় জরিমানা: ফাইন ফুডস কেলেঙ্কারির মূল হোতা চিহ্নিত

আপন ঘর ডেস্ক

Published:28 Jan 2025, 05:19 AM

শেয়ার কারসাজিতে বড় জরিমানা: ফাইন ফুডস কেলেঙ্কারির মূল হোতা চিহ্নিত


শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

২০২৩ সালের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাস ধরে কারসাজি চক্র শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর মাধ্যমে এই অপরাধ করে। তদন্তে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূল হোতাদের জরিমানা
বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ার কারসাজির মূল হোতা মোহাম্মদ শামসুল আলমকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সহযোগী সাজিয়া জেসমিনকে ৪৯ লাখ টাকা, সুলতানা পারভিনকে ১১ লাখ টাকা, এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠান হিসেবে এএএ এগ্রো এন্টারপ্রাইজকে ৭৫ লাখ টাকা এবং আরবিম টেকহো লিমিটেডকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরবিম টেকহো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমও এই চক্রের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারসাজিতে কোম্পানি কর্তৃপক্ষের যোগসাজশ
সাম্প্রতিক সময়ে স্বল্প মূলধনী ফাইন ফুডসের শেয়ারের দাম ১৬০ টাকা থেকে ২০০ টাকার উপরে তোলার অভিযোগ উঠেছে। জানা গেছে, কোম্পানি কর্তৃপক্ষ কারসাজি চক্রকে সহায়তা করতে কৃত্রিম আর্থিক হিসাবসহ বিভিন্ন উপায়ে সহযোগিতা করেছে।

শেয়ারবাজারে এমন অপকর্ম বিনিয়োগকারীদের আস্থায় আঘাত হানছে। বিএসইসি এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।